মুক্তিপণের টাকা দিয়ে ১২দিন পর মুক্তি পেয়েছে দুই জেলে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:৪০
মুক্তিপণের ৬০ হাজার টাকা পরিশোধ করার ১২ দিন পর শরণখোলার দুই জেলেকে ছেড়ে দিয়েছে বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনী। ১২ দিন ধরে বনদস্যুদের হাতে আটকাবস্থায় ছিলেন শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের হারুন বয়াতির পুত্র মিজান বয়াতী (২৫) এবং একই গ্রামের লুৎফর তালুকদারের পুত্র সুজন তালুকদার (২০)। 
 
জেলে মিজানের ভাই মো. শাহিন বয়াতী জানান, গত মঙ্গলবার রাতে দস্যুরা মোংলা এলাকায় দুজনকে ছেড়ে দিয়ে যায়। বুধবার রাতে ১২ দিনের আটকাবস্থা থেকে মুক্ত হয়ে তারা বাড়ি ফিরে আসেন।  গত ৬ অক্টোবর মাছ ধরে ফেরার সময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শিয়ালা নামক এলাকা থেকে বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনী ওই  দুই জেলেকে  অপহরণ করে। 
 
অপহরণের তিন দিন পর বনদস্যুদের দাবিকৃত মুক্তিপণের ৬০ হাজার টাকা বিভিন্ন মোবাইল নাম্বারে বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছিলো। কিন্তু তখন দস্যুরা তাদের ছেড়ে দেয়নি। মুক্তিপণ পেয়ে দস্যুরা জানিয়েছিল অবরোধ শেষ হলে তাদের ছাড়া হবে।
 
ইত্তেফাক/নূহু