আল্লাহর মেহমান হিসেবে হজ করে আসা হাজীদের সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি। তিনি বলেছেন, হাজীরা আল্লাহর কাছে যেমন সম্মানিত, তেমনি সমাজেও সম্মানিত। এই সম্মানকে কাজে লাগিয়ে সত্য ও সুন্দরের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। মানুষের মধ্যে ধর্মীয় নীতি নৈতিকতার শিক্ষাকে তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে হাজী পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী। আদর্শ হাজী কল্যাণ সমিতির সভাপতি খোরশেদুর রহমান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রাইম ব্যাংক লিমিটেড পরিচালক ভিআইপি শাহাদৎ হোসেন, বিশিষ্ট হোমিও চিকিৎসক আখতার হোসেন চৌধুরী বাদল, তরুণ উদ্যোক্তা ও সমাজ উন্নয়নকর্মী তানবীর হোসেন আশরাফী, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শফিকুজ্জামান সুজা ও আজিজুল ইসলাম আরাফীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ জিকরুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, বর্তমান সরকার হাজীদের হজ ব্যবস্থাপনায় দুর্ভোগ কমাতে কাজ করে যাচ্ছে। আগের মত হাজীদের এখন আর কষ্ট করতে হয় না।
এদিকে হাজীদের পুণর্মিলনী অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা তার নির্বাচনী এলাকা গঙ্গাচড়ায় (রংপুর-১ আসন) শারদীয় দূর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে পায়ে হেঁটে নবনীদাস হতে বেতগাড়ী পর্যন্ত বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক খতিবর রহমান, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
