পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়ায় বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নসিমন উল্টে সলেমান আলী (৪৭) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে নসিমনের পাঁচ গরু ব্যবসায়ী। নিহত সলেমানের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি। সে ওই এলাকার সিরাজউদ্দীনের ছেলে। আহতদের সকলের বাড়ি একই এলাকায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সলেমানসহ ৬ ব্যবসায়ী বোদা হাটে গরু কিনে নসিমনে করে বাড়ি ফিরছিল। পথে সাকোয়া পেট্রোল পাম্প এলাকায় নসিমনের সামনের চাকা ফেটে যায়। এতে নসিমন উল্টে ঘটনাস্থলেই সলেমান নিহত হন। আহত হয় নয়ন, সোহাগ, উজ্জ্বল, আসাদুল ও আনোয়ার।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল মইন হাসপাতালে আনার আগেই সলেমানের মৃত্যু হয়েছে বলে জানান।
বোদা থানার প্রধান কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম নসিমন উল্টে একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
