পদ্মা নদীতে নিখোঁজের দীর্ঘ ৪ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়ার ফেরী ঘাট এলাকা থেকে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত শিশুর নাম রুকাইয়া সুলতানা (৪)।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৫ ও ৬ নম্বর ফেরী ঘাটের মাঝমাঝি এলাকা দিয়ে রুকাইয়ার লাশ নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। এ সময় নদীতে ড্রেজিং কাজে নিয়োজিত থাকা স্থানীয় সালাম জোয়াদ্দার লাশটি দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় তিনি লাশটি উদ্ধার করেন।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে রজনীগন্ধা ফেরী থেকে শিশু রুকাইয়া ছিটকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়। শিশু রুকাইয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভা এলাকার মাছ ব্যবসায়ী মো. সেলিম রেজার মেয়ে।
খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. টুটুল আহম্মদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ৪ দিন আগে নিখোঁজ হওয়া শিশু রুকাইয়ার চাচা আ. মতিন শেখ থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত গলিত লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
