বাংলাদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক ঐক্যফ্রন্ট নেতারা সেটা চান না

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২০:১৬
জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক এরা (ঐক্যফ্রন্ট নেতারা) সেটা চান না। তারা ষড়যন্ত্র করছে, জনগণ সেই ষড়যন্ত্রের ব্যাপারে যেন হুঁশিয়ার থাকে।
 
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর ভূমি অফিসের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, তারা (বিএনপি) বিনা বিচারের কথা বলছে। তারা সব সময় মিথ্যা কথা বলছে। এই মামলাটি প্রায় ১০ বছর আগ থেকে শুরু হয়েছে এবং হাইকোর্ট, সুপ্রিমকোর্টে উনারা পরাজিত হওয়ার পর কমপক্ষে ৬ বছর ধরে বিচার কার্য চলছে। আমার কাছে থাকা তথ্য অনুযায়ী আড়াই বছর যাবৎ যুক্তি তর্কের জন্য এই মামলাটা অপেক্ষায়। বিনা বিচারের কথাটা সত্য নয়। আইনে সব ধারা মান্য করে এই মামলার রায়ের তারিখ ঘোষণা করেছে আদালত। তাই তাদের (বিএনপি) যুক্তি, তাদের কথা অমূলক। নিজেদের দোষ ঢাকার জন্য অসিলা খুঁজছে তারা।
 
২১ আগস্ট গ্রেনেট হামলার আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা এখনো পদক্ষেপ নিইনি। আমরা এ বিষয়ে চিন্তা ভাবনা করছি।
 
এর আগে আইনমন্ত্রী অ্যাভোকেট আনিসুল হক বৃস্পতিবার সকালে থেকে বিকাল পর্যন্ত পৌরশহর, মোগড়া ও ধরখার ইউনিয়নে প্রায় ১০টি পথসভা করেছেন। উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখারে পায়ে হেটে ও রিক্সা চড়ে গণসংযোগ করেন। পাশাপাশি আইনমন্ত্রী পৌরশহরের রাধামাধব আখড়া, ধরখার ও ভাটামাথায় পূজা মন্ডবও পরিদর্শন করেন। রাণীখারের গণসংযোগকালে ওই গ্রামের আবদুল মোতালিব ভূঁইয়ার কাছে ঘরের চাবি দেন মন্ত্রী।
 
সম্প্রতি রাণীখারের আবদুল মোতালিব ভূইয়ার ৫টি ঘর আগুনে পড়ে যায়। আইনমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ৫টি ঘর নির্মাণ করে দেওয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাউছার ভূইয়া জীবন, সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূইয়া, ধরখার ইউপি চেয়ারম্যান আরিফুল হক বাছির ও তন্তর ভূমি অফিসের তসিলদার মো. মফিজুল কবীর প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু