চীন মৈত্রী কেন্দ্র দু’দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে: চীনা রাষ্ট্রদূত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২০:৩২
চীনা রাষ্ট্রদূত জাং জু বলেছেন, ‘নারান্দী গ্রামটি খুব সুন্দর। এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। নারান্দী-চীন মৈত্রী কেন্দ্রটি বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের সেতুবন্ধন। এই কেন্দ্রটি ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে।’
 
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মনোহরদীর নারান্দীতে চীন দূতাবাসের নিয়মিত সফরের অংশ হিসেবে নারান্দী-চীন মৈত্রী কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
 
পরে রাষ্ট্রদূত মৈত্রী কেন্দ্রের পরিচালিত স্কুলের কম্পিউটার ট্রেনিং সেন্টার ঘুরে দেখেন এবং প্রশিক্ষণ সেন্টারের শিক্ষার্থীদের সুবিধার্থে ২৩টি নতুন কম্পিউটার উপহার দেন। এছাড়া স্কুলের শিক্ষার্থীর মাঝে বই কলমসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করেন। সেই সঙ্গে ক্লাসরুমের শোভাবর্ধনের জন্য বিভিন্ন সামগ্রী উপহার দেন তিনি।
 
নারান্দী-চীন মৈত্রী কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নারান্দী-চীন মৈত্রী কেন্দ্রের নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) জয়নাল আবেদিন, নরসিংদী নরসিংদী কলেজের সাবেক অধ্যাপক আবু বকর সিদ্দিক প্রমুখ।
 
পরে রাষ্ট্রদূত ও আমন্ত্রিত অতিথিরা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
 
ইত্তেফাক/বিএএফ