ধলেশ্বরীতে নিখোঁজের দুই দিন পর লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২০:৪৯
মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে নিখোঁজের দুই দিন পর লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট বেড়িবাঁধ সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল লাশটি উদ্ধার করে। উদ্ধার করা নিখোঁজ লঞ্চযাত্রীর নাম খোরশেদ বেপারী (৬০)। তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা। 
 
গত মঙ্গলবার রাত ৯ টার দিকে ধলেশ্বরী নদীতে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে হিরাশিকো-১ নামে লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় হিরাশিকো লঞ্চের যাত্রী খোরশেদ বেপারী লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
 
মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ  মো. আমিনুল ইসলাম নিখোঁজ লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে নিখোঁজ লঞ্চযাত্রীর সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে মরদেহ উদ্ধার করে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছে।
 
ইত্তেফাক/নূহু