সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করেছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করবেন না। তিনি মনে করেন, রুশ হস্তক্ষেপের জন্য গঠিত তদন্ত কমিটির প্রধান রবার্ট মুলারের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডেমোক্র্যাটদের অপেক্ষা করা উচিত।
তিনি সিবিএস দিস মর্নিংকে দেওয়া সাক্ষাত্কারে এই মন্তব্য করেন। জো বাইডেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মনে করেন, তদন্ত শেষ করেই মুলারের রিপোর্ট প্রকাশ করা উচিত এবং সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। কারণ আগে দেখতে হবে রিপোর্টে কী বলা হয়। এর আগে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। উল্লেখ্য, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণের উদ্যোগ নিতে পারেন এমন আলোচনা অনেকদিন ধরেই চলছে। -সিএনএন
ইত্তেফাক/আরকেজি
