ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সমঝোতার জন্য আগামী নভেম্বরে বিশেষ যে সম্মেলনের আয়োজন করার কথা ছিল তা থেকেও ইইউ নেতৃবৃন্দ সরে আসতে পারেন বলে জানা গেছে। খবর সিএনএন ও বিবিসি’র
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রধান অ্যান্তোনিও তাজানি বুধবার জানিয়েছেন, বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবে নতুন কিছু নেই। থেরেসা মে বলেছেন, ব্রেক্সিট বাস্তবায়নে সময় আরো বেশি প্রয়োজন হতে পারে। ইইউ’র সূত্র জানিয়েছে, ইইউ নেতারা সমঝোতার চেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। তবে নভেম্বরে সম্ভাব্য বিশেষ সম্মেলনে তেমন কিছু হবে না বলেও নেতৃবৃন্দ আশংকা করছেন। তারা সমঝোতা হবে না এমন ধারণা নিয়েই থাকার নির্দেশনা দিয়েছেন। পার্লামেন্টের প্রধান বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ১৫ মিনিট বক্তব্য দিয়েছেন। তার উদ্দেশ্য ভাল। কিন্তু তাতে সমঝোতার জন্য ফলপ্রসূ কিছু নেই। মে ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করতে আরো কয়েক মাস সময় লাগতে পারে বলে মনে করছেন। আগামী মার্চে ব্রিটেন ইইউ ছেড়ে যাবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২০ সালের শেষ দিকে। আয়ারল্যান্ড সীমান্তই এখন ইইউ এবং ব্রিটেনের মধ্যে মতবিরোধের সবচেয়ে বড় ইস্যু। অন্যদিকে ব্রেক্সিট নীতি নিয়ে দেশে বিরোধিতার মুখে পড়েছেন থেরেসা মে।
ইত্তেফাক/আরকেজি
