সৌদি সাংবাদিক জামাল খাসোগির মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে তুরস্কের পুলিশ। হত্যার পর খাসোগির মৃতদেহ বন বা কৃষি জমিতে ফেলে দেয়া হয়েছে বলে তাদের ধারণা। সে কারণেই মরদেহের অবশিষ্টাংশের খোঁজ করতে এই তল্লাশি চালানো হচ্ছে। খবর বিবিসির।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেট অফিসে প্রবেশের পর সাংবাদিক জামাল খাসোগির সন্ধান মেলেনি। তুরস্ক দাবি করছে, কনসুলেট অফিসের মধ্যে তাকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে অংশ নেয়া ১৫ জনের ছবিও প্রকাশ করেছে দেশটির সরকারপন্থি সংবাদমাধ্যম।
তুরস্কের সরকারের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দাবি করছে, তাদের কাছে এই হত্যাকাণ্ডের অডিও ও ভিডিও রেকর্ড আছে। যদিও তুর্কি সরকার আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু বলেনি। অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরবও।
তুরস্কের পুলিশ এর মধ্যেই কনসুলেট অফিসে অনুসন্ধান চালিয়েছে। দেশটির একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তুরস্ক ও সৌদি আরব সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনানো হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এমন তথ্য উড়িয়ে দিয়েছেন।
সাংবাদিক জামাল খাসোগির এই নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে পাশ্চাত্যের দেশসমূহের সঙ্গে সৌদির এক ধরনের টানাপোড়েন চলছে। ইতোমধ্যে সৌদির যুবরাজ আয়োজিত একটি সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে ইউরোপের একাধিক দেশ ও সংস্থার প্রতিনিধিরা।
ইত্তেফাক/কেআই
