বোরহানউদ্দিনে মা ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:৩৬
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হলেন জাকির (৩৯), মাহবুব (৪৫), সবুজ (৩০), জসিম (৩৩) ও বাচ্চু সরদার (২৪)।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন জানান, বৃহস্পতিবার রাতে তার নেতৃত্বে একটি দল বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় মা ইলিশ ধরার অপরাধে পাঁচজনকে আটক করা হয়।
 
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস ভ্রাম্যমান আদালত বসিয়ে জাকির ও মাহবুবকে ২ বছর এবং সবুজ, জসিম  ও বাচ্চু সরদারকে ১ বছরের কারাদণ্ড দেন। অপরদিকে মেঘনা নদী থেকে জব্দকৃত প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
ইত্তেফাক/নূহু