ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করুন। শুক্রবার সকালে ঈশ্বরদী ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র সকল ধর্মের বিধানসমূহ শান্তিপূর্ণভাবে পালনে সহায়তা করবে।
মন্ত্রী আরও বলেন, শারদীয় দুর্গোৎসবে মহাষষ্ঠী হতে বিজয়া দশমী পর্যন্ত সারা বিশ্বে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ, সুখ, স্বচ্ছন্দ, প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ভাগাভাগি করে নেওয়া হয়। অনুরূপভাবে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈশ্বরদীতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। মন্ত্রী মন্দিরের উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
বিশ্বনাথ পালের সভাপতিত্বে এবং স্বপন কুমার কুন্ডুর সঞ্চলনায় এ সময় অন্যদের মধ্যে অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চক্রবর্তী বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধা চান্না মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ্বরদী থানার প্রধান কর্মকর্তা আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
