মদনে এক শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৭:৪৭
নেত্রকোনার মদনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে দুই শিশু নিখোঁজ হয়। তারা দুজন হলো, বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও বাগজান গ্রামের সেলিম মিয়ার মেয়ে হিরামনি এবং একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ওই গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে লিজা আক্তার। 
 
ঘটনার ২৩ ঘন্টা পর কোঠুরীকোণা কান্দাবাড়ি মগড়া নদীর মাছের কাটায় ভেসে থাকা নিখোঁজ লিজা আক্তারের লাশ পরিবারের লোকজন উদ্ধার করেছে।
 
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিশু বাড়ির পেছনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার পর খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে ব্যাপক প্রচেষ্টা চালায়। শুক্রবার দুপুরে সংবাদ আসে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কোঠুরীকোনার কান্দাবাড়ির মগড়া নদীর মাছের কাটায় একটি শিশুর লাশ ভেসে রয়েছে। খবর পেয়ে তিয়শ্রী ইউপি চেয়ারম্যান, পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে লিজা আক্তারে লাশ বলে শনাক্ত করে।
 
ইউপি চেয়ারম্যান ফখরউদ্দীন আহমেদ নিখোঁজ লিজার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপর নিখোঁজ শিশু হিরামনির লাশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান জানান, শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরী দলকে খবর দেই। শুক্রবার সকাল থেকে ডুবুরী দল নিখোঁজদের উদ্ধার করতে ব্যাপক চেষ্টা করছে। এর মধ্যে লিজা আক্তারের লাশ উদ্ধার হয়েছে এবং নিখোঁজ হিরামনির লাশ উদ্ধারের ব্যাপক চেষ্টা চলছে।
 
মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু