সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার সিদ্ধিরগঞ্জ-তেরা মার্কেট সড়কের বেহাল দশায় ৮ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ ও ২ নং ওয়ার্ড এলাকার সিদ্ধিরগঞ্জ-ভূইগড় সড়ক গত ২০১০ সালে মেরামত হওয়ার পর আর মেরামত না হওয়ায় সড়কের বেশির ভাগ অংশে গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এর ফলে মিজমিজি, পাইনাদী, পাগলাবাড়ি, বাতানপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিম পাড়া, সাহেব পাড়া, ভূইগড় এলাকার কয়েক হাজার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ ও ২ নং ওয়ার্ডের মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জ পুল থেকে ভূইগড় সড়কটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তার বেশির ভাগ অংশে খানা খন্দক, গর্ত ও কোথাও কোথাও পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে এবং পুরো সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ পুল, তেরা মার্কেট, তালতলা ক্লাব, ধনুহাজীর রোড এলাকার সড়কের বেহাল দশা। এসব এলাকার সড়কের বেশির ভাগ অংশের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে পানি জমে কর্দমাক্ত হয়ে যায়। এসব এলাকার কর্মজীবী মানুষের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ অফিসগামী লোকজন দুর্ভোগ নিয়েই চলাচল করছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ সড়কে চলাচল করতে গিয়ে রিকশা ও ইজিবাইক দুর্ঘটনার শিকার হতে দেখা গেছে। কয়েকদিন আগে এ সড়কে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চলতে গিয়ে গর্তে পড়ে এক ইজিবাইক ভেঙ্গে পড়ে। এতে সামনের যাত্রীরা আহত হয়।
মিজমিজি বাতান পাড়া এলাকার বাসিন্দা আমেনা আক্তার জানান, প্রতিদিনই তাকে বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়। রিকশা দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের ধরে রেখে দোয়া পড়তে পড়তে স্কুলে যাওয়া আসা করছেন তিনি। তেরা মার্কেট এলাকার বাসিন্দা ও ঔষধের দোকানদার আসলাম জানান, এ সড়কে চলাচল করতে গিয়ে নানা সময়েই দুর্ঘটনার শিকার হচ্ছে।
তালতলা এলাকার বাসিন্দা ও স্কুল শিক্ষক এম এ মতিন জানান, গর্ত ও কাদামাটির কারণে এ সড়কে চলাচল করা যায় না। বড় গর্তের কারণে ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে। এছাড়াও তিনি আরও জানান, প্রায় ৭/৮ বছর যাবৎ সড়কটি বেহাল দশায় পড়ে আছে। কেউ মেরামতের কোন উদ্যোগ নেয়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওরম ফারুক জানান, রাস্তাটির পাশ দিয়ে যাওয়া খালটি ডিএনডি নিষ্কাশন কাজের সঙ্গে জড়িত থাকায় প্রজেক্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত সড়কটি মেরামতের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি নিতে পারছে না সিটি কর্পোরেশন।
ইত্তেফাক/এমআই
