সাদুল্লাপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৯:১১
গাইবান্ধার সাদুল্লাপুরে হাবিবুর রহমান হাবিব (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুইজনকে আটক করেছে পুলিশ।
 
নিহত হাবিবুর রহমান হাবিব ওই গ্রামের আকবর আলীর ছেলে ও এনায়েতপুর বাজারের মুরগী ব্যবসায়ী।
 
অভিযুক্ত স্বাধীন মিয়া (২৬) এনায়েতপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে ও এনামুল হক (২৭) একই গ্রামের হামিদুল হকের ছেলে।
 
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) এমরানুল কবীর জানান, সম্প্রতি স্বাধীন মিয়া ও এনামুল হক ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যায়। সেখান থেকে কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়। এরপর তারা বাড়িতে এসে হাবিবুরকে জানায় তাদের দুইজনকে সে (হাবিবুর) পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। এ কারণে তাদের দুইজনের জামিন হতে যে দেড় লাখ টাকা খরচ হয়েছে তা হাবিবুরকে দিতে হবে তাদেরকে। কিন্তু হাবিবুর তাদের দুইজনকে পুলিশে দেওয়ার ঘটনা অস্বীকার করে টাকা দিকে অপারগতা প্রকাশ করে। এই ঘটনার জের ধরে শুক্রবার সকাল ১০ দিকে তারা দুইজন হাবিবুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এ সময় আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।
 
তিনি আরও জানান, পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।নিহতের শরীর ও মাথায় একাধিক জখমের চিহ্ন আছে।
 
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ ঘাতক এনামুল হকের স্ত্রী মর্জিনা বেগম ও তার পিতা হামিদুল হককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/বিএএফ