রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী ভটভটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে ৩জন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো ৮ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাজবাড়ীর কালুখালী থেকে ভাটিয়াপাড়া যাওয়ার (ফরিদপুর এক্সপ্রেস) সময় বালিয়াকান্দির সোলাকুড়া রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তিতে চিকিৎসাধীন আবস্থায় আরো ২জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) ও তুলশী বরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামেদ আলী মৃধা ছেলে ফজলু মৃধা (৩৫) ও সাখের আলী নামে দুই শ্রমিকের মৃত্য হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাজ্জাক জুট মিলের শ্রমিকবাহী একটি গ্রাম বাংলা (অটোরিক্সা) ১৪ জন শ্রমিক নিয়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া যাচ্ছিল। জামালপুর রেলগেট ক্রসিং করার সময় কালুখালী থেকে একটি ট্রেন আসছিল। ভটভটিচালক এ অবস্থায় ভটভটি নিয়ে রেল লাইনে উঠে গেলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে জুট মিলের ৩ শ্রমিক নিহত হয়।
বালিয়াকান্দি থানার প্রধান কর্মকর্তা (ওসি) একেএম আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত প্রত্যেকের পরিবারের মধ্যে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। এ সময় বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম ও অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা, বহরপুর ইউনয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
রাজ্জাক জুটমিলের মালিক ওবাদুর রহমান খান জানান, নিহতের পরিবার ও আহতের পরিবারকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু
