সাভারে এ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৯:৪৪
সাভারে দ্রুতগতির একটি এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক মারা গেছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
নিহত এ্যাম্বুলেন্স চালকের নাম মোঃ মিজানুর রহমান (৩০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার মোঃ জাবেদ মিয়ার ছেলে। নিহত মিজানুর পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় ভাড়া থেকে সাভার থানা রোডে অবস্থিত প্রাইম হাসপাতালের এ্যাম্বুলেন্স চালাতেন। তার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ্যাম্বুলেন্সটি চিকিৎসকদের রাজধানীতে পৌঁছে দিয়ে সাভারে ফেরার পথে মহাসড়কের বলিয়াপুর এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায়। এ সময় এ্যাম্বুলেন্সটি একটি গাছের সঙ্গে গিয়ে লাগলে ঘটনাস্থলেই এর চালক মারা যান। 
 
সাভার মডেল থানার প্রধান কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনলেও এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু