যৌন হেনস্তার অভিযোগে টালমাতাল ভারতের বিনোদন জগৎ। তার মধ্যেই এবার এক অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা করলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ভারতের মুম্বাইয়ের ওয়াশি এলাকার একটি সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনির্বান ব্লাহ। সেলেব্রিটি ম্যানেজমেন্ট সংস্থা কাওয়ান এন্টারটেইনমেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন একাধিক নারী।
মুম্বাই পুলিশ জানিয়েছে, #মিটু আন্দোলন শুরু হওয়ার পর থেকে অনির্বাণের সংস্থার বেশ কয়েকজন নারী কর্মী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। এর পরেই ওই সংস্থা থেকে বরখাস্ত করতে বলা হয় অনির্বানকে। তার জেরে সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়াশি সেতুর কাছে ডিউটি করছিলেন কয়েকজন ট্র্যাফিক পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে এক ব্যক্তি সেতুর উপর ঘোরাফেরা করছেন। ব্রিজের রেলিং-এর উপর ওঠার চেষ্টা করছিলেন। এসময় প্রায় ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন ট্র্যাফিক পুলিশ কর্মীরা। কর্তব্যরত পুলিশকর্মীরা জানিয়েছেন, উদ্ধারের পরেও প্রচণ্ড কান্নাকাটি করছিলেন ওই ব্যক্তি।
অনির্বাণ পুলিশকে জানিয়েছেন, যৌন হেনস্থার অভিযোগে ভেঙে পড়েছিলেন তিনি। তিনি ও তার পরিবারের সবার উপর দিয়ে বিরাট ঝড় বয়ে গিয়েছে। সব মিলিয়ে তিনি উদভ্রান্ত হয়ে পড়েন।
ওয়াশি থানার সিনিয়র পুলিশ ইনস্পেক্টর অনিল দেশমুখ জানিয়েছেন, অনির্বাণ নামে ওই ব্যক্তিকে ট্রাফিক পুলিশ আমাদের হাতে তুলে দেয়। তার স্ত্রীকে গোটা বিষয়টি বুঝিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। খবর: আনন্দবাজার
ইত্তেফাক/জেডএইচ
