সড়ক পরিবহণ আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার (২০ অক্টোবর) শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। ফলে শনিবার সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ওসমান আলী। সভাপতিত্ব করবেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটিসহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সহ-সভাপতি সাদিকুর রহমান হিরু।
শ্রমিক সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সকল উপ-কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।
সমাবেশ উপলক্ষে শনিবার সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। এতে যানবাহন চলাচলে সাময়িক এ অসুবিধার জন্য যাত্রী সাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
ইত্তেফাক/বিএএফ
