আটক ইন্টারপোল প্রধান হয়ত মারা গেছেন

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০৪:০৬
পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই হয়ত মারা গেছেন। তার স্ত্রী গ্রেস মেং বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে এই কথা বলেন। গত মাসে চীনে যাওয়ার পর খোঁজ পাওয়া যায়নি মেং হংওয়েইয়ের। পরে চীন স্বীকার করে যে, তাকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়েছে। খবর সিএনএনের
 
গ্রেস মেং বলেন, তিনি নিশ্চিত নন যে, তার স্বামী বেঁচে আছেন। তিনি জানান, বেইজিং স্বীকার করার পর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মেং বলেন, এটা রাজনৈতিক নিপীড়ন। আমি নিশ্চিত নই যে, তিনি বেঁচে আছেন। কারণ তারা খুব নিষ্ঠুর এবং নোংরা। তারা যে কোনো কিছু করতে পারেন। এর আগে সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে মেং বলেছিলেন, তিনি তার সন্তানদের বাবার নিখোঁজের খবর জানাননি। তাদের টিভিও দেখতে দেননি। এতে তারা কিছু টের পেয়ে যেতে পারে। তবে মাকে কান্না করতে দেখে হয়ত কিছু বুঝতে পারে। আমি তাদের বলেছি, আমার ঠাণ্ডা লেগেছে তাই কান্না করছি।
 
ইত্তেফাক/আরকেজি