সাংবাদিক নির্যাতন করা কংগ্রেসম্যানের প্রশংসায় ট্রাম্প

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০৪:১০
যুক্তরাষ্ট্রে সাংবাদিককে মারধর করা এক কংগ্রেসম্যানের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অঙ্গরাজ্য মন্টানায় এক সমাবেশে কংগ্রেসম্যানের প্রশংসা করেন এবং তাকে নিজের লোক বলে উল্লেখ করেন। এই মন্তব্যের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন সিপিজে এবং ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। খবর বিবিসি’র
 
প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসমেন গ্রেগ জিয়ানফোর্টকে স্মার্ট উল্লেখ করে বলেন, সে আমার প্রিয় লোক। তিনি তার শরীরেরও প্রশংসা করেন। ট্রাম্পের মন্তব্যের পর সমর্থকদের উল্লাস প্রকাশ করতে দেখা যায়। গত বছর এক বিশেষ নির্বাচনের সময় গার্ডিয়ানের সাংবাদিক বেন জ্যাকবসকে মারধর করেছিলেন ৫৬ বছর বয়সী গ্রেগ জিয়ানফোর্ট। তাকে স্বাস্থ্যকর্মসূচি ওবামাকেয়ার নিয়ে প্রশ্ন করায় এই হামলা করা হয়। গ্রেগ জিয়ানফোর্ট দোষী সাব্যস্তও হয়েছিলেন। তাকে ৩৮৫ ডলার জরিমানা করা হয়েছিল। ট্রাম্প বলেন, আমার আশঙ্কা গত বছরের ঘটনা গ্রেগ জিয়ানফোর্টের জয়কে ঠেকিয়ে দিতে পারে। এরপর ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, আমি বলবো, এক মিনিট অপেক্ষা করুন। আমি মন্টানাকে খুব ভালোভাবেই চিনি। ওই ঘটনা বরং তাকে জিততেই সহায়তা করবে।
 
দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এর অ্যাডভোকেসি ডিরেক্টর কোর্টনি র্যাডসে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সমাবেশে দাঁড়িয়ে প্রেসের ওপর হামলাকারীর প্রশংসা করেছেন তাতে আমরা বিরক্ত। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমা চাওয়ার দাবি জানান। গার্ডিয়ানের যুক্তরাষ্ট্র বিষয়ক সম্পাদক জন মুলহলান্দ বলেছেন, আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প তার মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন। তিনি বলেন, যেখানে সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট সাংবাদিকদের রক্ষা করবেন, সেখানে তিনি হামলাকারীদের প্রশংসা করছেন।
 
ইত্তেফাক/আরকেজি