পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:২৪

তাড়াশে এবার পরীক্ষা কেন্দ্রে কম্পিউটার প্রদর্শক কর্তৃক তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

যৌন হয়রানীর শিকার ওই ছাত্রী লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি ওই কলেজের বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থী। ঘটনার দিন কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে একই কলেজের কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম অনৈতিকভাবে ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ইতোপূর্বেও ওই প্রদর্শক একাধিকবার ছাত্রীকে উত্ত্যক্ত করেন।

এদিকে ঘটনার পরপরই বিষয়টি নিয়ে ওই ছাত্রী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ইতোমধ্যে বিষয়টি কলেজের ম্যানেজিং কমিটিকে অবগত করা হয়েছে। একই সাথে পুলিশকেও খবর দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী অভিযুক্ত প্রদর্শকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

ইত্তেফাক/আরকেজি