গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় এনজিও কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল পশ্চিমপাড়া ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাগরণী চক্র ফাউন্ডেশনের গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজার শাখ ব্যবস্থাপক নুরুল ইসলাম (৪০)। অপর নিহত ব্যক্তি হলেন ভ্যানচালক কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে রাকিব শেখ (৪৫)।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, রাজবাড়ীর আইনজীবী মোস্তফা কবির পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সকালে টুঙ্গিপাড়া আসেন। দুপুরে টুঙ্গিপাড়া থেকে ওই মাইক্রোবাসে রাজবাড়ীর উদ্দেশ্য রওনা দেন। ধূসর ব্রিজের কাছে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল নিয়ে চালক রাস্তার পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়েন। পরে মাইক্রোটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। ভ্যান চালককে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, আহত মোস্তফা কবিরসহ তার পরিবারের ৫ সদস্যকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
IMG0
মোটরসাইকেলকে চাপা দেয় মাইক্রোবাস। ছবি: ইত্তেফাক
ইত্তেফাক/জেডএইচ
