নাটোরের সিংড়ায় পৃথক দুটি ঘটনায় আত্মহত্যা করেছে এক ছাত্রী ও গৃহবধূ।
জানা গেছে স্কুল ব্যাগ কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমানে আত্মহত্যা করেছে নাটোরের সিংড়ার কলম পুন্ডরী দাখিল মাদ্রসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফিরোজা খাতুন (১৩)। শুক্রবার সন্ধ্যায় কলম ইউনিয়নের কলকলি পাড়া তার নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। ফিরোজা খাতুন স্থানীয় দিনমজুর হিরোজ মোল্লার মেয়ে বলে জানা গেছে।
অপর দিকে একই সময়ে কৈডালা গ্রামের আলতাব হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৩০) ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ ফাতেমা বেগম একজন মানসিক ভারসাম্যহীন বলে জানায় তার পরিবারের লোকজন।
সিংড়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ শনিবার সকালে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে সিংড়া থানায় শনিবার দুটি পৃথক ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
