পিরোজপুরের কাউখালীতে গাছচাপায় মোস্তফা হাওলাদার (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উজিয়ালখান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা দাশেরকাঠী গ্রামের আব্দুল আলী হাওলাদারের ছেলে।
নিহত মোস্তফার বোন জানান, বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করতেন মোস্তফা। শনিবার পার্শ্ববর্তী গ্রামের একটি বাড়ির গাছ কাটার শেষে গাছটি মোস্তফা ও অন্য এক শ্রমিকের মাথার ওপর পড়ে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হোসাইন আহম্মেদ জানান, মস্তিষ্কে আঘাত ও রক্তক্ষরণ জনিত কারণে মোস্তফার মৃত্যু হয়েছে।
কাউখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
