বয়ঃসন্ধিকালে নারীদের পুষ্টির প্রতি নজর দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১৮/১০/২০১৮) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) আয়োজিত খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
রাজধানীর সেচ ভবনে অবস্থিত বারটান- প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সেমিনারে ড. নজরুল ‘Food Habit & Life Style: Key to Nutritional Security in Bangladesh' শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান পরিচালক কাজী আবুল কালাম, যুগ্ম সচিব।
IMG0
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন শেষে উন্মুক্ত আলোচনায় শিশুদের পুষ্টি বিষয়ক প্রশ্নের জবাবে ড. নজরুল বলেন, শিশুর পুষ্টি নিশ্চিত করার জন্য তার মায়ের পুষ্টি নিশ্চিত করা প্রয়োজন। কারণ একমাত্র সুস্থ মায়ের পক্ষে সুস্থ শিশু জন্ম দেয়া সম্ভব। এ জন্য বয়ঃসন্ধিকালে মেয়েদের পুষ্টির দিকে বিশেষভাবে গুরুত্বারোপ করা প্রয়োজন।
সেমিনারের সমাপনী বক্তব্যে কাজী আবুল কালাম সেমিনারে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত জাতি ও সমৃদ্ধ দেশ গঠনের জন্য পুষ্টি সম্পর্কিত সচেতনতা অপরিহার্য। সেমিনারে সম্মানিত প্রবন্ধ উপস্থাপনকারী ও অংশগ্রহণকারীদের পরামর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করা হবে।
উল্লেখ্য, বারটান আয়োজিত খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনারে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ড. শাহনেওয়াজ সহ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম
