নওগাঁয় বইছে নির্বাচনী হাওয়া

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৫:৩৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি এলাকায় এসে দিনরাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান নৌকার মাঝি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় পল্লী ও সমবায় ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। 
 
তারই ধারাবাহিকতায় নির্বাচনী কার্যক্রমের অংশ হিসাবে এই আসনের বর্তমান সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের নেতৃত্বে সম্প্রতি প্রায় ৪ হাজারেরও বেশি মোটরসাইকেল ও ৪শতাধিক পিকআপ ভ্যান নিয়ে এক নির্বাচনী শোডাউন ও পথসভার মাধ্যমে ভোট চাইলেন নৌকার পক্ষে। 
 
শনিবার দিনব্যাপী এই প্রচারণা শুরু হয় আত্রাই উপজেলার রেল স্টেশন থেকে। এরপর শোডাউনটি রাণীনগর উপজেলার বাণিজ্যিক রাজধানী আবাদুপুকর হয়ে প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে পুনরায় আত্রাই উপজেলায় গিয়ে শেষ হয়। 
 
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ইসরাফিল আলম বলেন এক সময়ের সর্বহারা-জেএমবির সন্ত্রাসী তাণ্ডবলীলায় এই জনপদের মানুষ সন্ধ্যার পর আর রাস্তায় চলাচল করতে পারেনি। এই জনপদের মানুষের জীবনের নিরাপত্তা ছিলো না। কত মা-বাবা তার সন্তানকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে তার কোন হিসাব নেই। আমি এমপি হওয়ার পর সেই রক্তাক্ত জনপদে শান্তির বাতাস এনেছি। আমার দেওয়া অঙ্গিকার আমি রক্ষা করার চেষ্টা করেছি। শেখ হাসিনার নির্দেশ মোতাবেক উন্নয়ন করার চেষ্টা করেছি। তাই আসুন সকল বিভেদ ভুলে গিয়ে এই শান্তি আর উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। কারণ শেখ হাসিনার সরকার উন্নয়ন আর শান্তির সরকার। 
 
ইত্তেফাক/জেডএইচ