দক্ষিণ আফ্রিকায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত মামা ও দুই সহোদরসহ বাংলাদেশি ৪ শ্রমিকের মৃত্যুর খবরে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। এদের মধ্যে নিহত ইব্রাহিম খলিল (৩২) জামালপুরের মেলান্দহের বেতমারী গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।
জানা গেছে, ২০ অক্টোবর শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে বাংলাদেশি মালিকানাধীন এক মুদির দোকানে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৪ বাংলাদেশি। এরা হলেন- ফেনির দাগন ভুইয়া উপজেলার দুই সহোদর আনোয়ার হোসেন, মোশারফ হোসেন এবং তাদের মামা মমিন। একই সঙ্গে জামালপুরের ইব্রাহিম খলিলও অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
আফ্রিকার ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। অগ্নিকাণ্ডের সময় তারা দোকানেই আটকা পড়েন। গণমাধ্যমে খবরে প্রকাশ হওয়ার পর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত ইব্রাহিম খলিল ৩ ভাইয়ের মধ্যে সবার বড়। খলিলের স্বজনদের আকুতি বাংলাদেশ সরকার যেন তাদের সন্তানের লাশটি দেশে নিয়ে আসার ব্যবস্থা করে।
ইত্তেফাক/জেডএইচ
