ঘোলাদিঘীকে মাদক মুক্ত করতে এলাকাবাসীর সমাবেশ

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৬:৩৬
নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের ঘোলাদিঘীর বিভিন্ন পয়েন্টে হাত বাড়ালেই ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও মদ পাওয়া যায়। এসব মাদক প্রকাশ্যেই ক্রয়-বিক্রয়, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং ঘোলাদিঘীকে মাদক মুক্ত করতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
রবিবার বেলা ১১ ঘটিকার সময় ঘোলাদিঘী মোড়ে এলাকার স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, যুব সমাজ ও এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা মাদক নির্মূলের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে।
 
জানা গেছে, অত্র এলাকার মাদকের প্রসার এতই বেড়ে গেছে যে, সাধারণ মানুষ ও অভিভাবক মাদক ক্রয়-বিক্রয় চক্রের সদস্যদের হাতে অসহায় হয়ে পড়েছে। প্রতিবাদ সমাবেশে উপজেলার ৩০/৩৫ জন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে নিয়মিত মাদক ক্রয় বিক্রয়  করছে বলে অভিযোগ উঠেছে। 
 
মাদক মুক্ত সমাজ চাই এই প্রতিপাদ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিমল কুমার প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ