সুন্দরগঞ্জে ট্রেনের চাকায় হাত-পা হারা সোহেলের আকুতি

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৯:১৩
গাইবান্ধা উপজেলার শ্রীপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের বাকী মিয়ার ছেলে সোহেল অভাব অনটনের মধ্যেও কৃষিতে ডিপ্লোমা পাস করার পর জীবিকা নির্বাহের তাগিদে ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকরি করেন।
 
গত ঈদ-উল-ফিতরে পিতা-মাতা, ভাই বোনের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি ফেরার সময় বিমানবন্দর রেল ষ্টেশনে ট্রেনে উঠার সময় হাত ফসকে গিয়ে পড়ে ডান হাত ও ডান পা তার দেহ থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় ফায়ার সার্ভিস এর লোকজন উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সোহেল সুস্থ হলেও পঙ্গুত্ব নিয়ে বাড়ি ফিরেন। এখন তার চলাফেরার একমাত্র অবলম্বন হুইল চেয়ার। 
 
সোহেল জানান, আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই। কৃত্রিম হাত, পা সংযোজন করলে হয়তো আমি কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। তাই সকলের সহযোগিতা কামনা করছি। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ২ ভাই ১ বোনের সংসারে সোহেল সবার বড়। সোহেলের উপর অনেকটা ভরসা ছিল তার পিতা মাতার। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এদিকে তার কৃত্রিম হাত, পা সংযোজনের জন্য অনেক টাকার প্রয়োজন। 
 
অসহায় পিতার পক্ষে তার খরচ বহন করা সম্ভব না হওয়ায় তিনি দেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তির নিকট ছেলের জন্য সাহায্য চেয়ে আবেদন করেছেন। 
 
সাহায্য পাঠানোর ঠিকানা- সোনালী ব্যাংক কামারজানী শাখা, গাইবান্ধা, হিসাব নং ৮৬৮। মোবাইল নম্বর-০১৭৪০-০৩০৮৫২। 
 
ইত্তেফাক/জেডএইচ