মাগুরায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:১১
সারা দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নবনির্মিত ৬৬টি মিনি স্টেডিয়ামের মধ্যে মাগুরার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। 
 
এ সময় জেলার মহম্মদপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি বক্তব্য রাখেন। 
 
জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন মিনি স্টেডিয়াম নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মহম্মদপুর আরএসকেএইচ ফুটবল মাঠে ৪০ লাখ ৯৯ হাজার ৯শ’ ৮ টাকা ব্যয়ে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়। যার নামকরণ করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম। 
 
এখানে খেলোয়াড়দের জন্য রয়েছে দুই কক্ষ বিশিষ্ট একটি ড্রেসিং ভবন, টয়লেটসহ ওয়াশরুম এবং দর্শকদের জন্য রয়েছে বসার ব্যবস্থা। 
 
ইত্তেফাক/জেডএইচ