ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২১:৪৬
দীর্ঘ ১৮ মাস গ্যাস সংযোগ বন্ধ থাকার পর ১৩ সেপ্টেম্বর পুনরায় গ্যাস সংযোগ দিলেও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার সার উৎপাদন শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। রবিবার রাত ৮টায় গ্যাস সংযোগের ৩৮ দিন পর সার উৎপাদন শুরু হয়ে বলে জানান ঘোড়াশাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাত হোসেন।
 
বিসিআইসি নিয়ন্ত্রণাধীন ১৪২২ মে. টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ২০১৭ সালের ১৭ এপ্রিল সরকারি সিদ্ধান্তে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় পেট্টোবাংলা। পরে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর আবারো পেট্টোবাংলা এ সার কারখানায় গ্যাস সংযোগ চালু করে। 
 
ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার সিবিএ সভাপতি আমিনুল হক ভূঁইয়া জানান, দীর্ঘদিন কারখানাটি বন্ধ থাকায় একদিকে যেমন আমদানি নির্ভর হয়ে পড়েছিল সরকার। অন্যদিকে দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় মরিচা ধরে নষ্ট হয়ে গিয়েছিল অনেক যন্ত্রপাতি। আমাদের কারখানার প্রকৌশলীরা অক্লান্ত পরিশ্রম করে আজ রাত ৮টায় উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে। 
 
এদিকে কারখানার শ্রমিক কর্মচারীরা গ্যাস সংযোগ পাওয়ার পরও কারখানার উৎপাদন চালু করতে না পারায় হতাশার মধ্যে পড়েছিল। উৎপাদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কারখানার শ্রমিক কর্মচারীরা আনন্দ উল্লাস করতে থাকে। 
 
ইত্তেফাক/জেডএইচ