রামগড়ের পার্শ্ববর্তী ভুজপুরের হেয়াকোঁতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সোহেল রানা (৩৮) নামে বিজিবির এক গোয়েন্দা কর্মকর্তা আহত হয়েছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহত গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে গুইমারা বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, বিজিবির ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন হেয়াকোঁ বিওপিতে কর্মরত আরআইবির (রিজিওনাল ইন্টিলিজেন্স ব্যুরো) হাবিলদার সোহেল রানা রবিবার রাতে উলিরপুর রাস্তার মাথায় সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছিলেন। এদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
এ সময় তার আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হেয়াকোঁ বিওপিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুইমারা বিজিবি হাসপাতালে পাঠানো হয়। দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে জব্দ করে বিজিবি।
খবরটি নিশ্চিত করে হেয়াকোঁ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম বলেন, রাতে দুই যুবক ইয়াবা নিয়ে অবস্থান করছে-এমন খবর পেয়ে সোহেল সেখানে গেলে সুমন (৩০) নামের একজন তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সুমন একই এলাকার সিকদারখীলের আব্বাস উদ্দিনের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী।
ইত্তেফাক/আরকেজি
