জাতীয় সমবায় দিবস পালন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:৩৪

 ‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি, উন্নত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যে গাজীপুর জেলা, ঢাকার দোহার, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রেষ্ঠ সমবায়ীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

গাজীপুর প্রতিনিধি জানান, ৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা সমবায় কার্যালয়, জেলা সমবায় ইউনিয়ন ও সমবায়ীদের যৌথ উদ্যোগে রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সমবায় শোভাযাত্রা, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় ভিত্তিক থিম সং উদ্বোধন, সম্মাননা প্রদান প্রভৃতি। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাশেষে ভাওয়াল রাজবাড়ি নাট মন্দিরে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, আওয়ামী লীগ নেতা আতাউল্লাহ মন্ডল, গাজীপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ ছানাউল্লাহ ও সহসভাপতি মোঃ কামাল উদ্দিন প্রমুখ। পরে শ্রেষ্ঠ সমবায়ীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, ৪৭তম সমবায় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা সমবায় কর্মকর্তা শাহীন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মত্স্য অফিসার লতিফুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ নাদির সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, যুব উন্নয়ন অফিসার ইউসুফ ভূঁইয়া, পরিসংখ্যান অফিসার কাউছার মিয়া, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান,  যথাযোগ্য মর্যাদায় ঢাকার নবাবগঞ্জে  ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে গতকাল সকালে বাগমারা কোর্ট বিল্ডিং প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মো. মোরশেদ জাহান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমুখ। অনুষ্ঠান শেষে সমবায় কার্যালয় থেকে সফল সংগঠক ও সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল সকালে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শোভাযাত্রা বের হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান জোসনা খাতুন, গোপালদী কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়ালের সভাপতি আঃ আউয়াল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুত্ফুন্নাহার বেগম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, জাতীয় সমবায় দিবস-২০১৮ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার নাছিমা শাহিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক অফিসার ওমর ফারুক,  যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, সূর্যতরু বহুমুখী সমবায় সমিতির সভাপতি সোহেল রানা প্রমুখ। প্রধান অতিথি বলেন, বাংলাদেশে মোট ১ লাখ ৪৭ হাজার ৭০০টি সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে রূপগঞ্জ উপজেলায় মোট ১৭০টি সমবায় সমিতি রয়েছে। সমবায় সমিতির মাধ্যমে দেশে বেকারত্ব কমে এবং মাদক থেকে যুব সমাজকে রক্ষা করে। তাই সমবায় সমিতির বিকল্প নেই।