কাশ্মীরে নতুন করে ‘হত্যাযজ্ঞে’র নিন্দা ইমরান খানের

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৭:১৫
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘হত্যাযজ্ঞে’র তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার টুইটারে এ প্রতিবাদ জানিয়েছেন তিনি।
 
ইমরান খান বলেন, ‘ভারতের দখলকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর দ্বারা নতুন করে নিরপরাধ মানুষ হত্যার তীব্র নিন্দা জানাই।’
 
সংলাপের মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের উদ্যোগ নিতে ভারত এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, ‘সংলাপের মাধ্যমে জাতিসংঘের রেজ্যুলেশন অনুযায়ী কাশ্মীর সমস্যা সমাধানের সময় হয়েছে। বিষয়টি ভারতের বোঝা দরকার।’
 
কাশ্মীর ইস্যুতে উপত্যকার জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী।
 
সম্প্রতি কাশ্মীরে ব্যাপকভিত্তিক অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এতে সংঘর্ষে জড়িয়ে প্রাণ হারাচ্ছে বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
 
ইত্তেফাক/টিএস