আড়াইহাজারে গুলিবিদ্ধে নিহত ৪ যুবকের পরিচয় মিলেছে

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৭:৪৯
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধে নিহত ৪ যুবকের পরিচয় মিলেছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার সকালে আড়াইহাজার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
 
নিহতরা হলো- লুৎফর মোল্লা, সবুজ সরদার, ফারুক প্রামাণিক ও জহিরুল হক।
 
নিহত সবুজ সরদার, জহিরুল ও ফারুক প্রামাণিক তিনজনই পাবনার আতাইকুলা থানাধীন ধর্মগ্রাম পুষ্পপাড়া এলাকার বাসিন্দা। লুৎফর মোল্লা ফরিদপুরের ভাঙ্গা থানার উত্তর আকনবাড়িয়ার কালীবাড়ির মনসুর মেল্লার ছেলে। সে ঢাকার রামপুরার বাগিচারটেকের এলাকায় বসবাস করে গাড়ি চালাতেন।
 
নিহত লুৎফর মোল্লার স্ত্রী রেশমা আক্তার বলেন, তার স্বামী বাসচালক। শুক্রবার বিকাল ৫ টার দিকে বাসা থেকে বের হন। সন্ধ্যা ৭টার দিকে গাড়ি নিয়ে রাস্তায় নামেন। রাত ১টায় স্বামীর সাথে তার শেষ বারের মতো কথা হয়। এরপর থেকে স্বামীর মোবাইল ফোন বন্ধ পান। রোববার সকালে টেলিভিশনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪ জনের লাশ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে ছুটে আসেন তিনি। পরে লাশ দেখে স্বামীকে সনাক্ত করেন।
 
নিহত ফারুকের বাবা জামাল প্রামাণিক বলেন, ১৫ বছর যাবত রূপগঞ্জের গাউছিয়ায় বাস চালাতো। গত সোমবার থেকে সে নিখোঁজ হন।
 
সবুজ সরদারের বাবা খাইরুল সর্দার জানান, তার ছেলে পেশায় একজন  অটোরিকশা চালক। সবুজ ঢাকায় বেকারিতে চাকরি নেওয়ার কথা বলে ২ সপ্তাহ আগে গ্রাম ছাড়ে।
 
জহিরুলের শ্বশুর নজরুল বলেন, জহিরুল বেকারিতে কাজ করতো। জহিরুলকে বেকারিতে কাজ করার জন্য গ্রাম থেকে নিয়ে এসেছিল ফারুক। ফারুক ছিনতাইতারী চক্রের সাথে জড়িত বলে শুনেছি। ফারুকই গ্রাম থেকে তিনজনকে শহরে নিয়ে এসেছে কাজ করানোর জন্য।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক দুটি মামলা দায়েরের বিষয় সত্যতা নিশ্চিত করে জানান, ‘রোববার ভোরে এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে ৪ যুবকের লাশ উদ্ধার করা হয়। লোক মুখে শুনেছি চারজনের পরিচয় পাওয়া গেছে। স্বজনরা হাসপাতালে গিয়ে লাশ দেখে সনাক্ত করেছে। নিহতের স্বজনরা এখনো আমাদের কাছে কেউ আসেনি।
 
প্রসঙ্গত, পুলিশের প্রাথমিক ধারণা নিজেদের মধ্যে ছিনতাই বা ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে এই খুনের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
 
ইত্তেফাক/বিএএফ