সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় জেলেদের কাছ থেকে ইলিশ ছিনতাইকালে ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী চৌহালীর সহকারী কমিশনারের (ভূমি) খালাতো ভাইসহ ৩ জনকে আটক করেছে জেলেরা। সোমবার বিকেলে যমুনার চালুহারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- চৌহালীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের খালাতো ভাই টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দোয়াজানি গ্রামের হাফিজুর রহমান ওরফে অপূর্ব চৌধুরী, উপজেলার আজিমুদ্দি মোড়ের শমেষ মিয়া এবং ইমাম হোসেন।
স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, চলমান মা ইলিশ ধরা নিষেধের মৌসুমে অসাধু জেলেরা মাছ ধরা অব্যাহত রেখেছে। কিছু ধরে চৌহালীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের কেয়ারটেকার হিসেবে দায়িত্বরত তার খালাতো ভাই হাফিজুর রহমান নিজেকে ইউএনওর প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ঐসব জেলেদের কাছ থেকে টাকা ও ইলিশ নিয়ে আসছে। সোমবার বিকেলে হাফিজুর নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৩ জন একটি ইঞ্জিন চালিত নৌকা করে যমুনার চালুহারা এলাকায় মাছ ধরারত জেলেদের কাছ থেকে ইলিশ লুট করছিল। তখন ঐক্যবদ্ধ হয়ে জেলেরা তাদের আটক করে গণধোলাই দিয়ে চালুহারা চরে অবস্থিত স্থল ইউনিয়নের কার্যালয়ে আটকে রাখে।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, বিষয়টি শুনেছি। তাদের আটক করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাবো।
প্রসঙ্গত, আনিসুর রহমান এ্যাসিল্যান্ড হিসেবে নিয়োগের পর গত এক বছর তার খালাতো ভাই হাফিজুর রহমান কেয়ার টেকার হিসেবে তার সাথেই চৌহালীতে অবস্থান করছে।
ইত্তেফাক/বিএএফ
