খাশোগি হত্যা: মঙ্গলবার সব খোলাসা করবেন এরদোগান

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২০:৫১
মঙ্গলবার ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জানিয়েছে আল-জাজিরা।
 
খাশোগিকে হত্যা করা হয়েছে স্বীকার করলেও তার লাশ নিয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য দেয়নি সৌদি আরব। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় তুরস্কের তদন্ত বিষয়ে মঙ্গলবারের ভাষণে তথ্য প্রকাশ করতে পারেন এরদোগান।
 
তুর্কি বাগদত্তার সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।
 
খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। দেশটির দাবি, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
 
ইত্তেফাক/টিএস