সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:২৬
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সদর উপজেলার সাহারবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির চালক সামিউল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান স্যারকে নিয়ে গাইবান্ধা শহরে যাওয়ার সময় সাহারবাজার নামক স্থানে আমার গাড়ির গতিরোধ করে একটি সাদা রংয়ের মাইক্রোবাস। পরে ওই গাড়ি থেকে নেমে এসে সাদা পোশাকের কয়েকজন লোক স্যারকে (উপজেলা চেয়ারম্যানকে) নামিয়ে নেন। পরে তাকে তাদের গাড়িতে তুলে জেলা শহরের দিকে রওনা হয়। আমি গাড়ি নিয়ে সাদুল্লাপুরে ফিরে যাই।’
 
উপজেলা পরিষদের চেয়ারম্যানের শ্যালক কাইজার রহমান জানান, ‘পুলিশ তাদেরকে জানিয়েছেন জামায়াত সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সিকে গাইবান্ধা থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
 
গাইবান্ধা সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, ‘গাইবান্ধা ডিবি (গোয়েন্দা) পুলিশ সাইদুর রহমানকে গ্রেপ্তার করে সদর থানায় দিয়েছেন।’
 
গাইবান্ধার পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, ‘সাইদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নাশকতা মামলা আছে। এ মামলায় তাকে (সাইদুর) গ্রেপ্তার করা হয়েছে।’
 
ইত্তেফাক/বিএএফ