‘উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, বাস্তবায়ন করছেন শেখ হাসিনা’

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:৫৮
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, ‘দেশ অনেক আগেই উন্নয়নশীল দেশ হতে পারত, কিন্তু দুর্নীতির কারণে তা হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখেছিলেন আজ তা বাস্তবায়ন করেছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে তা আজ দৃশ্যমান।’
 
সোমবার বিকালে নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির হলরুমে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘বর্তমানে দুর্নীতি দমন কমিশনের অভিযোগের শাস্তির হার বেড়ে ৫৫ শতাংশ করা হয়েছে। আগে শাস্তির হার ছিল ৩৭ শতাংশ। তবে শাস্তির হার শতভাগ নিশ্চিত করার জন্য দুদক কাজ করছে। এছাড়া চলতি বছরে সাড়ে ৮শ সরকারি কর্মকর্তাকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। দুর্নীতিকারীদের চিহ্নিত করতে তিনি  জনগণকে সোচ্চার ও আরো সচেতন হবার আহ্বান জানান তিনি।’
 
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন- অ্যাডভোকেট শাহজাহান আলী, অ্যাডভোকেট মমতাজুল হক, অ্যাডভোকেট আবু মো. সোয়েম, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুল হক প্রমুখ।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান (উপ-সচিব), দুদক কমিশনারের (তদন্ত) একান্ত সচিব সৈয়দ রবিউল ইসলাম, জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মাহবুবার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মো. নাহিদ হাসান প্রমুখ।
 
মঙ্গলবার সকাল ১০টায় জেলার ডোমার উপজেলা পরিষদ চত্বরে গণশুনানি অনুষ্ঠিত হবে। সেখানে সমস্যার বিষয়বস্তু শুনে তা সমাধানের নির্দেশ দিবেন দুদকের কমিশনার।
 
ইত্তেফাক/বিএএফ