রাউজানে ভূমিদস্যুর দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০০:৪৭
রাউজানে মূল্যবান ৪৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছেন ভ্রাম্যমান আদালত। ২২ অক্টোবর উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোয়ানেদ কবির সোহাগ পরিচালিত ভ্রাম্যামান আদালত এই মূল্যবান জমি উদ্ধার করা হয়। এসব জমির ওপর হাসপাতাল ও এতিমখানা প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।
 
কদলপুর ইউনিয়েনর ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আব্দুল করিম চৌধুরী দৈনিক জানান, মতিউল্লাহ মিয়াজির বাড়ির মনছুর সওদাগর,  ফজল করিম, ফজল কাদের দীর্ঘ কয়েকবছর ধরে সরকারি খাস জমি ভোগ দখল করে আসছিল।
 
উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ দৈনিক ইত্তেফাকে বলেন, ৪৯ শতক সরকারী খাস জমি দীর্ঘ কয়েক বছর ধরে ভূমি দস্যুরা দখল করে রেখেছিল। এই জমির দখল ছেড়ে দেওয়ার জন্য গত তিনমাস পূর্বে নোটিশ দেওয়া হলেও তারা অগ্রাহ্য করে দখল ছেড়ে দেয় নি। সোমবার ১২ টার দিকে অভিযান পরিচালনা করে ৪৯ শতক জমি উদ্ধার করি। উদ্ধারকৃত জমির ১৩ শতকের ওপর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ  হাসপাতাল  এবং বাকি জায়গার ওপর এতিমখানা প্রতিষ্ঠিত হবে। 
 
ইত্তেফাক/নূহু