কোটালীপাড়ায় অন্তত ২০টি স্থানে লক্ষ্মী প্রতিমার হাট জমে উঠেছে। বিজয় দশমীর পর থেকে উপজেলার কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াগ্রাম, চৌধূরীরহাট, ঘাঘর, কলাবাড়ি, রামশীল, জহরেরকান্দি, ওয়াপদারহাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড় ও হিরণে প্রতিমার হাট বসেছে। এসব হাট থেকে সানাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মী প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বিকাল থেকে বুধবার মধ্য রাত পর্যন্ত লক্ষ্মীপুজা অনুষ্ঠিত হবে।
মৃৎশিল্পী হেমন্ত পাল বলেন, উপজেলার ২০টি স্থানে শত বছর ধরে লক্ষ্মী প্রতিমার হাট বসে আসছে। আমাদের পূর্ব পুরুষরা এসব হাটে প্রতিমা বিক্রি করেছেন। আমরাও প্রতিমা তৈরি করে এসব হাটে বিক্রি করি। এখানে প্রতিটি হাটে আমাদের নির্মিত প্রতিমা বেশ বিক্রি হয়।
উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। কোটালীপাড়ার ঘরে ঘরে লক্ষ্মীপুজা অনুষ্ঠিত হয়। এ পুজাকে কেন্দ্র করে ৫দিন আগে থেকে ২০ স্থানে প্রতিমারহাট বসে। সেখানে উৎসবমুখর পরিবেশে ক্রেতা-বিক্রেতারা প্রতিমা কেনাকাট করেন। কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী প্রতিমার হাটগুলো আরো শত শত বছর টিকে থাকবে বলে আমি বিশ্বাস করি।
ইত্তেফাক/আরকেজি
