শরণখোলায় যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টার দিকে উপজেলা সদরের রাজৈর এলাকায়।
পুলিশ মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।
গৃহবধূর বাবা উপজেলার দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের আ. হাই অভিযোগ, দেড় বছর আগে খোন্তাকাটার রাজৈর এলাকার মজিদ মুন্সির ছেলে আলামিন মুন্সির সাথে তার মেয়ে হালিমার (১৯) বিয়ে হয়।
বিয়ের পর থেকে আলামিন ৫০ লাখ টাকা যৌতুক অথবা সরকারি চাকরি পাইয়ে দেয়ার জন্য চাপ দিয়ে আসছেন। কিন্তু টাকা বা চাকুরি না পেয়ে ক্ষিপ্ত হয়ে আলামিন তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে সোমবার রাতে হাসপাতালে ফেলে রেখে যান।
শরণখোলা থানার ওসি দিলিপ কুমার সরকার জানান, শরণখোলা হাসপাতাল থেকে খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের পূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা অসিম কুমার সমদ্দার জানান, রাতে কয়েক ব্যক্তি ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর কথা জানাতেই তারা পালিয়ে যান। পরে তিনি পুলিশকে খবর দেন।
অভিযুক্ত আলামিন মুঠোফোনে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্ত্রী অভিমান করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ইত্তেফাক/আরকেজি
