ভাঙ্গুড়ায় ৩০ মণ ভেজাল ঘি জব্দ, ৬ জনকে কারাদণ্ড

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৪:১০
ভাঙ্গুড়া উপজেলার পৌর সদরে অবস্থিত সরদারপাড়া (কুঠিপাড়া) মহল্লায় একটি ঘি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ সেখান থেকে বিপুল পরিমান ভেজাল ঘি, কেমিক্যাল ও ঘি তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে। এগুলোর মধ্যে ৩০ মণ ভেজাল ঘি এবং ঘি তৈরির কেমিক্যাল, ৫৩ কার্টন নিম্নমানের ডালডা, দুই মণ ডাস্ট (পাউডার) ও পাঁচ ড্রাম পাম ওয়েল রয়েছে।
 
সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। অভিযান শেষে আদালতের বিজ্ঞ বিচারক কারখানার প্রধান কারিগর দুলু (৪০) শ্রমিক মিলন (৩৮), বৃষ্টপদ দাস (৬০), রজব আলী (৫৮), কামরুল ইসলাম (৩৮) ও জীবনকে (৩০) একমাস করে কারাদণ্ড দেন। পুলিশ তাদের গ্রেফতার করেছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই কারখানায় অভিযান চালাই। সেখানে ভেজাল ঘি ও ঘি তৈরির নানা কেমিক্যাল দেখতে পাই। পরে জব্দকৃত মালামাল পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে জনতার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 
ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক আব্দুল রহিম বলেন, অভিযান পরিচালনার সময় কারখানার মালিক শামছুল আলম (৪৫), তার পার্টনার শহিদুল ইসলাম (২৮) ও বাড়ির মালিক শাহ্ আলম (৪০) পালিয়ে যান। দণ্ডপ্রাপ্তদের মঙ্গলবার পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, ভাঙ্গুড়ার বিশুদ্ধ ঘির দেশব্যাপী সুনাম থাকায় লোকচক্ষুর আড়ালে অসৎ ব্যবসায়ীরা কারখানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে বাজারজাত করছিল।
 
ইত্তেফাক/আরকেজি