ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা দিয়ে তরুণীকে বিয়ে করলেন বৃদ্ধ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:৪২
ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা দিয়ে ২৪ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করলেন ৬৭ বছর বয়সী এক প্রেমিক। সোমবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাতবাড়ীয়া গ্রামে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
 
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাল জানান, উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের আছির উদ্দিনের মেয়ে আসমা খাতুনের (স্বামী পরিত্যক্তা) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল একই গ্রামের মোহাম্মাদ আলীর (বিপত্নীক)। গোপনে অবৈধভাবে মেলামেশার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সোমবার রাত ৮ টার দিকে উক্ত গ্রামের পাশের মাঠে সেচ প্রকল্পের একটি ঘরে আসমা ও মোহাম্মাদ আলীকে এক সঙ্গে পায় গ্রামের লোকজন। এ সময় তারা ওই ঘরের দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয়। উল্লাপাড়া থানা পুলিশ তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতে হাজির করায়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মো. শরিফুল ইসলাম জানান, আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামানের কাছে আসমাকে বিয়ে করার মুচলেকা দেন মোহাম্মাদ আলী। এরপর এই দম্পতিকে ২০০ টাকা করে ৪০০ শত টাকা জরিমানা করেন বিচারক। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ওই রাতেই কাজী অফিসে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিয়েতে ৫ লাখ টাকার কাবিননামা করা হয়েছে।
 
এ বিষয়ে নব দম্পতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কেউ গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলতে বা ছবি তুলতে অপরাগতা প্রকাশ করেন।
 
ইত্তেফাক/বিএএফ