কুড়িগ্রামের ফুলবাড়ীতে পটেটো চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে প্রতিবেশী এক যুবক। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাড়ার অন্য মেয়েদের সঙ্গে ওই শিশুটি কুটিচন্দ্রখানা মাঝিপাড়া দুর্গাপূজা মণ্ডপে আরতি দেখার জন্য যায়। এ সময় একই গ্রামের ভবেশ চন্দ্র বিশ্বাসের নাতি ক্যাঁচাল চন্দ্র বিশ্বাস (১৯) শিশুটিকে পটেটো চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ক্যাঁচাল পালিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার এসআই তাজরুল ইসলাম জানান, মঙ্গলবার ভিকটিমের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/বিএএফ
