প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টাকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এরা হলেন- নওগাঁর রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের খন্দকার বায়েজিদ আমান (৩৫) এবং রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর গ্রামের মো. টুনু (৩০)। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে দীর্ঘসময় থেকে চাঁদা দাবি করে আসছেন।
এরই ধারাবাহিকতায় রাজশাহী সুগার মিলের সুইপার রুপলালের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাকে নগরীর জিরোপয়েন্টে টাকা নিয়ে আসতে বলেন ওই দুই ভুয়া কর্মকর্তা। আর চাঁদা দেওয়া না হলে ক্রসফায়ার বা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর রুপলাল বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ তাদের নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে গ্রেপ্তার করে।
ইত্তেফাক/জেডএইচ
