নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ দিনে ৩ স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পৃথক তিনটি ধর্ষণ মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। সোমবার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর, সস্তাপুরের কাঠেরপুল ও দেলপাড়া টাওয়ার পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- দেলপাড়া টাওয়ার পাড় এলাকার মনির হোসেন (৪৫), সস্তাপুরের কাঠেরপুল এলাকার মিজান (১৯) ও দাপা ইদ্রাকপুর এলাকার কোচিং সেন্টারের শিক্ষক তাপস (৪০)।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর দুপুরে ফতুল্লার দেলপাড়া টাওয়ার পাড় এলাকায় ১০ টাকা দিয়ে নিজের মুরগির খামারে নিয়ে ১ম শ্রেণির এক শিশুকে ধর্ষণ করে মনির হোসেন। পরে শিশুর পরিবার থানায় অভিযোগ করলে মনিরকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ২০ অক্টোবর দুপুরে ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে মিজান তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করলে নির্যাতিত ছাত্রীর অভিভাবকরা বিচার না মেনে থানায় অভিযোগ করলে সোমবার রাতে কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মিজানকে গ্রেপ্তার করা হয়।
আরেক ঘটনায় দাপা ইদ্রাকপুর এলাকায় একটি কোচিং সেন্টারে ২১ অক্টোবর দুপুরে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে কোচিং সেন্টারের শিক্ষক তাপস। এ ঘটনায় তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, তিন ধর্ষণের ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
