রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির দায়ে শ্রমিক লীগের (একাংশের) আহ্বায়কসহ ৪ জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
দণ্ডপ্রাপ্তরা হল- নগরীর শিরোইল এলাকার মৃত শেখ মো. ইয়াহিয়ার ছেলে শ্রমিক লীগ নেতা এজাজ হোসেন উজির (৪৫), শিরোইল কলোনি এলাকার আজাদ আলীর ছেলে বাপ্পি (২২), একই এলাকার আব্দুল কাদেরের ছেলে রানা (২৮) ও গোদাগাড়ীর মুসলেম উদ্দিনের ছেলে আতাউর রহমান (২২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ৪জনকে আটকের পর তাদের নিকট থেকে ৪টি টিকিট উদ্ধার করা হয়। পরে তাদের ৪ জনকেই ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, শ্রমিক লীগের ওপেন লাইন শাখার একাংশের আহ্বায়ক এজাজ হোসেন উজির। এর আগে তিনি সহ-সভাপতি ছিলেন। তবে নানা অপকর্মের কারণে কেন্দ্রীয় কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর তিনি নিজে আহ্বায়ক হয়ে আলাদা কমিটি করেন। এর আগেও কয়েকবার টিকিটসহ আটক হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এ ঘটনায় তিনি কিছুদিন কারাগারেও ছিলেন। এ ঘটনায় তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। পরে চাকরিতে আবার যোগদান করেন তিনি।
এ বিষয়ে রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সভাপতি জোহুরুল ইসলাম বলেন, এজাজ উদ্দিন উজির একজন বহিষ্কৃত নেতা। কিন্তু সে নিজেই আলাদা করে কমিটি করেছে। তিনি আসল শ্রমিক লীগের কেউ নন।
ইত্তেফাক/বিএএফ
