টেকনাফে ইয়াবা-নগদ টাকাসহ ৩ মাদক বিক্রেতা আটক

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২১:৪২
কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ হ্নীলার ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে র‌্যাব-৭ এর একটি দল ক্রেতা সেজে উপজেলার হ্নীলা বাসস্টেশনের চম্পা হোটেলের ২য় তলার আলমাস সৌর বিদ্যুতের পেছনে ইলেকট্রিক ওয়্যারিং দোকানে যায়। কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য সেখানে অবস্থান নিচ্ছে এমন খবর পেয়ে দল নিয়ে তারা অভিযান চালায়। ওই সময় পালাতে গেলে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আলী আহমদের পুত্র জসিম উদ্দিন (২১), নাটমোরা পাড়ার আব্দুল মালেকের পুত্র ইমরান হোসেন (১৯) ও পশ্চিম পানখালীর মো. শাহ আলমের পুত্র মো. জাবেদকে (৩৫) আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৪ হাজার ৯শ ৭০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৪ লক্ষ ৮৫ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রয়ের কিছু নগদ টাকাও পাওয়া যায়।
 
এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃতদের ইয়াবা ও নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই